Showing posts with label মুঠোফোন হাতড়ে. Show all posts
Showing posts with label মুঠোফোন হাতড়ে. Show all posts

Friday, 27 May 2016

স্ক্রিব্‌ল্‌

আমি খুইয়েছি সহজিয়া দিন,
জমে আটকে গিয়েছে স্টিয়ারিং
বুকে পালকের মত শ্যাওলা জমেছে 
সবজেটে আর গাঢ় নীল;
কবি ছড়াক স্বস্তি কাব্যে;
ভবি ভুলবে না, লিখে রাখবে,
'বড় জট পড়ে গেছে অসমীকরণে 
হিসেব মেলাতে পারোনি...'

Monday, 18 April 2016

খেলাঘরে

খেলা মেখে রোদে সুখটান...
দম নিয়ে চুউউ-কিত-কিত...!
গা ধুয়েছি, খেলা দিয়ে স্নান;
খেলাঘরে সুগভীর ভিত।

Saturday, 16 April 2016

স্ক্রিবল

বছর গেলে ঘুরছে চাকা; শুকোচ্ছে নীল রঙ দোয়াতে,
একশো ছবির ক্যানভাস আর কে'ই বা বলো চায় খোয়াতে?
গড়তে পারো সাতমহলা, আঁকার ক্লাসে রোজ হাজিরা...
বদলাবে না সত্যি তাতে... ইচ্ছেখাতা আলতামিরা।

Thursday, 14 April 2016

২০০৯ এর ডায়েরি থেকে...

মেঘেদের নাকি পাড়া বদলেছে, জ্যোতিষী বলেছে পালাবদল;
তাই বৃষ্টি'তে ঝুলবারান্দা স্থবিরতা ভুলে গোড়ালিজল...
গ্রহ তারা চাঁদ শুভ কোণে নত, তবু শান পড়ে বিতৃষ্ণায়,
ভেজার আড়ালে চোখে জল এলে 'মনখারাপিয়া' বলিস না...

Tuesday, 14 July 2015

স্ক্রিব্‌ল্‌

কারণ খুঁজেই অঙ্ক সাজাস, ইচ্ছে রাখিস ট্রাঙ্কে ভরে,
বৃষ্টি মাপিস চোঙ রেখে আর দৈর্ঘ্য মাপিস ঘুমজাগরের...
আঁকার খাতায় ঢাললি কালি, রাত্রি জুড়ে আরক্ত পিচ,
মাপতে গিয়ে অসীম হল... অন-অফ-অন ব্যাস্ত সুইচ।

Thursday, 19 February 2015

স্ক্রিব্‌ল্‌

এক
আমার বাড়ি উচাটনের ঝড়ে
আমার বাড়ি অপ্রেম-বন্দরে;
আমার বাড়ি ভীষণ ভবঘুরে...
তোমার থেকে আলোকবর্ষ দূরে...


দুই
হৃদয়ের কাছ ঘেঁষে থাকা ফালি মেঘ
হাত পেতে না চাইলে কি নিয়মে চাই?
কি নিয়মে বাঁধা রেখে রূপোলী আবেগ
শ্রাবনী ভরসা দিয়ে আকাশ রাঙাই?

Tuesday, 25 June 2013

ঘুমজড়ানো


এক

একটা গাছের হলদেটে ফুল খুব ঝরেছে পাগলা ঝড়ে,
একটা আকাশ বিনীল রাতে ডুব দিয়েছে ভুলসাগরে;
                   একটা সবুজ গঙ্গাফড়িং
                   মেঘ হয়েছে রাত্তির দিন
একটা ছেলে ঘুম গিয়েছে চিঠির ঝাঁপি আগলে ধরে...



দুই

ঘুমজড়ানো রাত্রি এলে আমার কড়া নেড়ে
মাঝেমাঝেই তোর হাসি'রা আমায় খুঁজে ফেরে...
রাতবিরেতে উল্কা-ইমন দিব্বি খুঁজে আনিস,
সত্যি ছিলি? স্বপ্ন ছিলি? তুইও কি ছাই জানিস?



তিন

ঘুম ভিড় করে আনাচে-কানাচে,
কথার নৌকো নির্বাক স্রোতে,
জ্যোৎস্নার বাড়ি আঙুলের ভাঁজে,
স্বপ্নের বাসা ইনবাক্স'তে...

Wednesday, 12 June 2013

কৈফিয়ত


"কি কারণে ছিল আঙুলে আঙুল... সহজিয়া ভালোবাসা...?"
"পকেট, হৃদয়, জীবন উপচে সময়ের ছিল বাসা।"

"কি কারণে আমি মাড়িয়ে এসেছি সব ছায়া উদ্ধত...?"
"সময়। সময় পিছলে যাচ্ছে জ্যান্ত মাছের মত।"

"কি কারণে আমি বিদ্ধ হলাম তীক্ষ্ণধার ছোবলে...?"
"শাস্তি হয়েছে। সময়ের কড়ি পুড়িয়ে এসেছো বলে..."

Monday, 13 May 2013

তিন টুকরো


এক

কাউকে দিলি নীলচে খাম... কাউকে দিলি মিথ্যে নাম,
কাউকে আবার মর্মবেদনা...
যা হোক,দিলি... দ্যাখ ফারাক...করতে দিলে আমায় ভাগ
সবার কথা ভাবাই যেত না।

দুই

অ্যালজেব্রা'কে বলেছি যে নখ বিঁধিয়ে দে আর নিংড়ে নে,
দিবি না যখন কলেজ-ফেরত সে'সব বর্ষা দিন এনে...
আমৃত্যু আমি হাতড়াতে পারি তবুও বিধাতা খুব জানেন,
প্রজাপতি জালে ধরা পড়া গেছে,ট্যাটু'তে হয়েছে পার্মানেন্ট।

তিন

যেই  রোদ্দুর হলো উন্মাদ,যেই বর্ষা অবিশ্রান্ত,
তুই ঘরমুখে দিলি একছুট ঘড়ি দ্যাখাতে দিয়ে ক্ষান্ত;
তুই ছুটে চলে গেলি আড়ালে,
আর দশ'টি মিনিট দাঁড়ালে
পায়ে হাঁটুজল,রোদে ঘামস্নান,আমি আসতাম!আসতাম তো!

Friday, 1 March 2013

মুঠোফোন

মেঘালী রোদ, ভেজা সরোদ, নিষাদে নীল...
বৃষ্টি ধোয়, দৃষ্টি ছোঁয় লুকোনো তিল...
সে ইতিহাস; ঘুরেছে মাস... মার্চ এখন,
শীত খুঁটে তিতকুটে তেভাগা মন...