Wednesday, 10 October 2012

অনেক দূরের পথ


অনেক দূরের পথ বাকি; প্রয়োজন হলে
আমায় হাজার নামে ডাকতেই পারো...
কিম্বা না-ডেকে থাকা... তাও হয়...

শুধু পিপাসা গহীন হলে শ্বাস নিও গাঢ়
আমি আছি... দেখো,
নিশ্চুপে; বুকজুড়ে আর্দ্রতা দেবো বলে...
আমি আছি খুব কাছ ঘেঁষে...
আমি আছি তৃষ্ণার জলে।

আলেয়া ডাকলে পরে... পথ ভুলে দলছুট হলে
তোমার চোখেতে লীন ধ্রুবতারা হয়ে যেতে পারি...
ভরসার সামিয়ানা শ্রাবনী মেঘের...
ভালোবাসা ভরসা আসলে;
ভালোবাসা মন-ভালো-বাড়ি...!

শুধু যদি কোনোদিন ঝড় ওঠে...
খুব ঝড়...
যদি বাজ পড়ে...
বানভাসি হয়ে যাবো, যদি ভয় করে...
সেদিন দোচালা হোয়ো... অচল, অনড় আশ্রয়
ঘুম এঁকে দিও চোখে খুব ভালোবেসে
দূর করে বুক-কাঁপা সব সংশয়!

বেশি চাওয়া নয়...
শুধু এটুকুই
হাতে ধরা থাক খালি তোমার আঙুল...

অনামী ঘাসের প্রিয়া হবো...
বেগনি রঙের ঘাসফুল...

Wednesday, 19 September 2012

রংরঙিন


কিই বা হবে কালশিটে দাগ নিবিড় হলে,
কিই বা হবে ঘুম না এলে মর্চেধরা,
কিই বা হবে লাটাই যদি সামলানো দায়,
ইচ্ছেলেখার আধপাতা হোক গিলটি করা...!

ইচ্ছে আমার তোর সকালের আকাশ জুড়ে
টারকুইজের রঙ গুলে দিই; স্বপ্নসকাশ,
ইচ্ছে যে তোর দিনের চলা শুরুর পথে
ঠোঁট ছোঁয়াবে ভিরিডিয়ান অনাম্নী ঘাস !

ইচ্ছে আমার তোর বাগানে ফুলের মেলা
ল্যাভেন্ডারের গোলাপি আর সর্ষে হলুদ,
ইচ্ছে আমার তোর দু-মুঠো আলোয় আলো
কাঁচা সোনার রোদ্দুরে হোক আপনাতে বুঁদ...

ইচ্ছে আমার তোর সারাদিন আঁকবো আমি
আনুপাতিক অলিভ পরত মাখিয়ে তাতে
ইচ্ছে যে ঠিক সময়মতন ঘুম ভাসাবো
প্রুসিয়ানের সঙ্গে সবুজ মধ্যরাতের...

ইচ্ছে যে তোর স্যাফায়ারের রাত-আসমান
চাঁদোয়া হোক ম্যাগনোলিয়া নক্সা কাটা...
ইচ্ছে যে তুই স্বপ্নবাজার দখল করিস
শেষ করে ওই সেপিয়া রঙ রাস্তা হাঁটা...

ইচ্ছে যে তোর শান্তি ডুবুক আইভরিতে
লাইলাক আর ভায়োলেটের তুলির ছোঁয়ায়
আশা'রা সব জিইয়ে থাকুক হাসির মতন
কমলারঙা আলোর কুচি কুড়িয়ে নিই... আয়!

ইচ্ছে যে তোর ইচ্ছেগুলো আকাশি হোক,
স্বপ্নগুলোয় কচি নেবুর সবুজ হদিস,
পারস্য লাল সোহাগ থাকুক হৃদয় ভরে,
ভরসাতে তোর চেরিফুলের রঙ ভরে নিস...

কিই বা হবে কালশিটে দাগ, মর্চে ঘুমে
ফোঁটার সাথে প্যালেট দিলাম আয়না দেখার
যমের দুয়োর ক্যাকটাসে আর কাঁটায় কয়েদ...
সোনার ফ্রেমে বাঁধিয়ে দিলাম ইচ্ছেলেখা...

Sunday, 26 August 2012

আমার প্রিয় ইলশেগুঁড়ি


আমার প্রিয় ইলশেগুঁড়ি, কেমন আছিস, বল্?
আর কাকিমা কেমন আছেন? কেয়া দি? চঞ্চল?
আর বাকি সব খবর কি রে? কেমন শ্বশুরবাড়ি?
বিয়ের দিনে যাই নি বলে রাগ করেছিস ভারি...
তাই না...? আমি যাই নি তা নয়... যাই নি বলা ভুল...
দু'দিন আগে চিঠি পেলাম... আমার তো ইস্কুল!
একলা আমি... চারটে ক্লাসের একলা দিদিমনি...
কলকাতাতে যাওয়া-আসা... সময় অনেকক্ষণই
লাগতো, জানিস... তার ওপরে মায়ের শরীর যা না!
আর কত কি বলবো তোকে? সবই তো তোর জানা...
তাই ভাবলাম, বৃষ্টি লিখি... রোদ লিখে দিই তোকে...
ছায়ায় ঢাকা পথ লিখে দিই... স্বপ্ন লিখি চোখে...!

মনে পড়ছে, জানিস... তোদের দেউল ছাড়ার আগে
সেই যে আমরা হেঁটেছিলাম... ভাবতে অবাক লাগে...
কালিপাহাড়ি পেরিয়ে গেলে রেললাইন'টা পড়ে...
মনে পড়ে, ইলশেগুঁড়ি, লাইন ধরে ধরে
কত'টা পথ হেঁটেছিলাম... পিছন ফেলে গাঁ-টা,
ব্রিজ পেরিয়ে... ক্ষেত পেরিয়ে... অনন্তকাল হাঁটা...
'দেউল হল্ট' ছাড়িয়ে গিয়ে বাঁ'দিকে সেই পোড়ো
ভূতের বাড়ি...? কত কথা... আমারও আর তোরও
ছিল সেদিন... ভেবেছিলাম, তুই-ই চলে গেলে,
আমার কথা ঐ বাড়িতেই লুকিয়ে যাবো ফেলে...

কত কথাই থাকতো তখন...! কাদের নিয়ে কথা??
কোথায় তারা, ইলশেগুঁড়ি...? ভীষণ অসুস্থতা
সমস্তদিক ঢাকছে, জানিস? মা'কে নিয়ে ভাবি...
বাইশখানা ওষুধ দিনের... আমার ঘরের চাবি
ওই আঁচলেই... আমিও তো ভাই ওই আঁচলেই বাঁধা...
লড়ছি, জানিস...! তবুও কেমন মিলছে না এই ধাঁধা...!
বড়দি তো সেই ঘরেই বসে; বৌ'ভাত আর বিয়ে
সবই বেকার... মেয়ে বলে কেউ যায় নি ওকে নিয়ে;
কি যে ওরা চেয়েছিল? গয়না, শরীর, ভিটে...?
দু'দিন বাদে ফিরলো; সাথে অগুনতি কালশিটে...
বড়দি আমার সাথেই আছে... চুলোয় নিয়ম-রীতি!
সে সব কথা হয় নি বলা... হয় নি লেখা চিঠি...
আসল কথা, লিখবো'টা কি? পাইনি খুঁজে কূল;
সেই থেকে এই তিনটি প্রানী... ভরসা আমার স্কুল...
তুই বলবি, "কেন? অমল...?"... আমার হাসির পালা...
"আমায় ভালোবাসে অমল? ও হবে আটচালা...?"
বলেছিলাম... মনে আছে? পোড়ো বাড়ির ছাদে?
আমার হাসি আটকে গেছে আমার কথার ফাঁদে;

ঘাটতি, জানিস, দারুন ঘাটতি পড়েছে সংযমে,
সারা'টা ক্ষন কেমন জানি ভয় করে ছমছমে...
রাতের বেলা একলা শুলে পূবমুখো এই ঘরে
রেলের লাইন ধরে হাঁটা ভীষণ মনে পড়ে...
সেদিন আকাশ রাঙিয়ে ছিল শিমূল ফুলে ফুলে...
গানও একটা বেঁধেছিলাম... সুর'টা গেছি ভুলে...
কথাগুলো...? কথাগুলো দারুন অভিমানে
মুখোস পরে হারিয়ে গেছে কুঠরি-অভিধানে...
তুই বলতিস, ছন্দ আছে আমার ভিতর নাকি!
ছন্নছাড়া খুঁজছি আমি ছন্দ মানে'টা কি?!
সাহসগুলো মরছে, জানিস... কপাল ফুটিফাটা...
কত'টা পথ? ইলশেগুঁড়ি... আর কত'টা হাঁটা...?

বাদ দে...! তুই ভালো থাকিস... ভালো রাখিস আরও...
তুমি আমার ইলশেগুঁড়ি, সবই তুমি পারো...
"তোর বিয়েতে........." এম্নি কত ফর্দ ছিল টোকা...
কোথায় সেসব? সময় কেমন বানিয়ে গেল বোকা...!
“নদীই দেবো” ভাবতে দেখি শুকিয়ে নদী সোঁতা...
বৃষ্টি দেবো... ছায়াও দেবো... সবই কথার কথা...
সত্যি করে তোর বিয়েতে কিচ্ছুটি নেই দেবার...
পারলে, তুই পদ্য ছেড়ে গল্প লিখিস এবার।

Tuesday, 17 July 2012

একটা রাখবে কথা...


আজকে শুকনো হাওয়া খুব করে টেনে নিল জল
আমার চোখের থেকে...ঠোঁট থেকে;
বেপরোয়া হয়ে গিয়ে আর্দ্রতা পেতে
আমাকেই ধরে নিল শেষ সম্বল!


আমার নিরালা গলি, শ্যাওলা-সকাল
বৃষ্টি চায় নি আর;
সকালের রোদ তবু টুপ
করে ডুবে গেছে; নিষ্ফলা কাজ আর বিদ্রূপ
ধূসরে ছুপিয়ে গেছে নীল-শাড়ি-পাড়।


আগুনে-বিকেল শেষে হাত ছোঁয় চেনা সন্ধ্যার
সেঁজুতিয়া রঙ ধরে... উন্মুখ তুলসীতলার
বুকে আলো...
আমি সব নিভিয়ে দিয়েছি।
সন্ধ্যে সাতটা মানে তাই মোমবাতি
কাগজেতে হিজিবিজি, শেষ বাস, ভ্রমে মাতামাতি।


তোমার কান্না আসে?
এভাবে আমায় দেখে...
মনে হয় ভুল হয়ে গেছে?
তোমারও হাতের পাতা ঠাঁই-খোঁজা কান্নায় ভাসে?


মনে আছে...? সাঁঝবাতি, শঙ্খের ধ্বনি...
কি ভীষণ ভালোবাসা জড়াতো এসবে?
উচ্ছ্বাসে ভরা কত রাশি রাশি দাবী,
গৌরবে মাখা দিন, কত উত্সবে
তোমাকে ছুঁয়েছি আমি...
ভোলো নি তো? বলো...?


বদলে গেছে, দ্যাখো না, এ সালতামামী;
এখন শিউরে উঠি প্রত্যেক রাতে...
ভোররাত পার করে যোজনখানেক হেঁটে আশ্বাস খুঁজি;
সব নিয়ে চলে গেছো...! সবটুকু ভরসার পুঁজি...!
এভাবে কি যেতে হয়? খেয়া ফেলে মাঝদরিয়াতে...?


একটা রাখবে কথা?
চিঠি দেবে...?
মেঘেদের খামে,
ছাদের রেলিং ধারে,
একখানি বন্ধ বয়ামে
ইচ্ছে পাঠাবে ক'টা...? ডানাওলা স্বপ্নও...? বৃষ্টির মত
সারারাত, সারারাত ধরে অবিরত
আমাকে ভেজাবে ওরা...
থোকা থোকা সাদা ফুল হয়ে...


আমার শুকনো চোখ ঠাঁই খুঁজে নেবে ঠিক সেই আশ্রয়ে...



Wednesday, 13 June 2012

এলোমেলো


বহুদিন রঙ তুলি ভুলে গেছি।
বদলে এনেছি
জবাব-সওয়াল কিছু... কিছু চোরাবালি...
দু'হাতের তালু জুড়ে কালি... শুধু কালি...।

তবু অগোচরে সেই মরে যাওয়া জলরং কাগজ রাঙায়...

মেঘ-ছেঁড়া-রোদ্দুর তন্দ্রা ভাঙায়
শর্মিলি ঘাস হেসে দিগন্ত পার করে বিছায় আঁচল
পাহাড়ের গায়ে গায়ে গলে পড়ে সিন্দুরি মেঘেদের দল
দেবদারু সারি
কানে কানে বলে দেয় আকাশ আমারই...
আর দূরে... বেশ নিচে... রূপোলি ফিতের মত চলে যায় বেঁকে
ঝিরঝিরে নদী এক মিষ্টি নামের; তোর হাসি দেখে
হেরে যায় নিমেষেই ঝরে পড়া চিনারের পাতা অবিরত...
কোলাজের মত এসে ভিড় করে ধোয়া ছবি যত...

এইটুকু আঁকা হলে আমি বলি... আর নয়! চল...
ওঠ দেখি! এলোমেলো ছবি সব... তাই নয়? বল...?

তবু কোথা থেকে
টুকরো হাসির কথা কারা যায় রেখে!
আঁধারি মনের মাঝে প্রশ্ন ধাঁধায়...

"ওইখানে একখানি ঘর বাঁধা যায়??"