আজকে আমার হাফ্ বেলা অফ!
নূন শো যাবি? ইচ্ছে হলে...
নইলে ছবি আঁকবি আমার?
বলছিলি... রঙ না, চারকোলে...
আঁকবি? যদি ক্লান্ত থাকিস...
তেম্নি হলে ব্যালকনি'তে
নিখাদ খানিক আড্ডা দেবো...?
সঙ্গে চুমুক ব্ল্যাক্কফিতে!
সব অভিযোগ, খারাপ লাগা
খাটের তলায় হচ্ছে জমা...
তুই নাকি তোর 'বসের চ্যালা'
'বিজ্ঞ' আমি... 'ব্যস্ততমা'...
সব ধুয়ে যাক, বৃষ্টি নামুক
ছাদ ভাসিয়ে; দারুণ ছাঁটে
পর্দা ভিজে সপ্সপে আর
আবছা হরফ বইমলাটে...
তুই আর আমি কেবল থাকি,
বৃষ্টি ঢাকুক সব ধূসরে......
'দুত্তেরি', ফের পড়ল মনে,
'আজকে তো তুই নেই শহরে...!'
No comments:
Post a Comment