Wednesday, 22 May 2013

এ্যাই ছেলেটা…!


রোজ সকালে এ্যালার্ম ডাকে; ঘুম ভাঙে তোর;
সকাল কি আর? প্রায় রাত্তির… ভোর বড়জোর
চারটে হবে; স্ট্রিটলাইটের একচোখে ঘুম,
চারকোলময় আকাশ তখন, পাড়া নিঝুম...
ঠিক তখনই একলা আলো তোরই ঘরে,
নিউমেরিকাল কিম্বা মাইক্রোপ্রসেসরে
চোখ ডোবে তোর সকাল সকাল; আর কিছু কি
কক্ষণও ঘুম ভাঙিয়েছে তোর? একটু ঝুঁকি
নতুন কোন স্বপ্ন দেখার…? ফুলের কথা,
গানের বুলি… ভাবতে পারিস? খুব অযথা?

এ্যাই ছেলেটা…! নাম কি যেন?
অনেক হল বই-খাতা আর পেন গোছানো…
অনেক হল রাতজাগা আর সকালজাগা……
নিয়মচাকা
একটুখানি ঘুরিয়ে দে না অন্য দিকে…
খেলতে শিখে
বেনিয়মের খেলবো খেলা সারা বিকেল…
সমস্ত রাত… পাশ আর ফেল
ভুলবি না হয়…? স্বপ্ন দিয়ে বুনবো রুমাল
দু’জন মিলে… সমস্ত রাত…! দুষ্টু সকাল
আসতে গেলে বকেই দেবো; বুনবো রুমাল……
......................................................................
......................................................................

দশ’টা বাজে… আমার দেরি কলেজ যাওয়ায়,
কোনোক্রমে টিফিন ফেলে দে-দৌড় লাগাই!
ভুল হয়ে যায় এ্যাসাইন্টমেন্ট প্রোগ্রামিং-এর,
বাসের সিঁড়ির ভেংচিকাটা হর-এক-দিনের;
তুইও থাকিস ঐ বাসেতেই; নামতে দেখি…
“গোমড়ামুখো!!” রিদ্ধি বলে… সত্যি? মেকি?
সন্তর্পণ ভাবনা আসে… তুই কি ভাসাস
দাগের ওপর আলতো দাগে, খুব অনায়াস
ইলেকট্রিকাল শেষের পাতা ছবির নেশায়…?
দিস না কি তুই রোদসকালে আলগোছে সায়?

এ্যাই ছেলেটা…! নাম কি যেন?
অনেক হল চুপবেহালায় সুর ভেজানো…!
অনেক হল মুখ লুকানো তোর হিসেবে…!
দ্যাখ কি ভেবে
ঝর্ণা সে এক পাগল তোকে ডেকে ডেকে…
কোথাত্থেকে
খবর সে তোর পেল আমি তা জানিনে;
যাই হোক, তুই কলম টেনে
লিখতে পারিস দু’এক কলম তাকেই নিয়ে…
ভিতরপোড়া স্বভাব’টা তোর তাড়িয়ে দিয়ে,
ভিজতে পারিস পশলা-কয়েক তাকেই নিয়ে....
..........................................................................
..........................................................................

কলেজফেরত সন্ধ্যে, বা ধর মাঝবিকেলে…
সেই অবেলায় আকাশমেয়ের কান্না এলে,
টইটুম্বুর সন্ধ্যেমুকুর, উন্মনা জুঁই…
ঝমঝমিয়ে ভিজছি আমি… সংযমী তুই…!!
ভাল্লাগে তোর? মন করে না ছুট্টে যেতে?
প্রত্যাশাদের চোখ এড়িয়ে অলক্ষিতে…
কাপাস তুলো… নদীর কিনার… অজস্র কাশ…
রোদের তিলক… মেঘজমানো স্বপ্নকেলাস…
আর কতদিন চশমা আড়াল দু’চোখ ভরে?
গুছিয়ে থাকা মনখারাপের সব খবরে…?
হয় না মনে একটা কোনো পাগলি নদী
“ফার্স্ট বয়” না, শুধুই তোকে চিনতো যদি…?

এ্যাই ছেলেটা…! নাম কি যেন?
অনেক হল ব্যথার ওপর মেঘ বিছানো…!
অনেক হল জবাবদিহি জনান্তিকে…!
আপত্তি কি?
দিনদুপুরে আরব-রাতে হারিয়ে গেলে...
কলম ফেলে
তুলির টানে শাহাজাদীর মকবরা’তে
পারিস না তুই চোখ ভাসাতে?
ধার তো নিতে পারিস বাঁধন, খামখেয়ালে…
নীলচে রঙের গল্প দিতাম এই আকালে…
বন্দীখামের খেয়াল দিতাম… খামখেয়ালে……!

No comments:

Post a Comment