ছায়াদিন নদীখাতটুকু ছুঁয়ে আনাড়ি খেলায় মাতলো খুব...
গোধূলি ডোবালো নগ্ন দুটি পা ছুটি-জলে নেমে ধাপে ধাপে,
তাঁতের শাড়ির পাড় একখানি পথ ছুটে চলে গেছে কবে
লালচে পায়ের ধুলো ছাপে...
ছুটি-জলে নেমে ধাপে ধাপে...
বুনোফুলে আস্কারা... শেষবেলা... রোদগুলো বড় বেহায়া যে...
"ও সাঁঝ...!! কাঁধের পড়ন্ত চুল একটু সরাবো...?"... খুনসুটি...!
সে চুল চুঁইয়ে পড়ে সাতরঙা ঘুম... না আদর...? বোঝানো দায়...
দ্বিধা... দ্বিধা ভাবে হাতদুটি...
ছোঁয়াছুঁয়ি খেলা... খুনসুটি...!
রূপোলী কোমরে ভাঙা ভাঙা ছায়া স্পর্শ আঁকলো... শব্দ কই...?
হাওয়া বদলালো মেঘেদের ভিড়ে... ভরসা জমলো আকাশে লীন,
উষ্ণতা ছুঁলো আঙুলের শীত... সোহাগ নামের গান হল
কুয়াশাস্নাত সাঁঝকালীন...
ভরসা জমলো... অন্তহীন...
ছায়াদিন নদীখাতে নেমে গেল... গাঢ় নীল খেলা ছোঁয়াছুঁয়ি...
ঘাসে মুখ ঘষে গাঢ়তর নীল হল কতগুলো বেভুল সুর...
সব গলে গিয়ে এ বাউল শীতে “আমরা-দু'জন” হয়ে গেল...
আমাদের বাড়ি অচিনপুর...
আমাদের বাড়ি.............
No comments:
Post a Comment