Thursday, 18 April 2013

যদি লিখতেও বসি


যদি লিখতেও বসি তোকে কোনোদিন, নিঃসঙ্কোচে আমি বলে দিতে পারি, সেইসব চিঠিগুলো শুরুও হবে না কক্ষনো। অত্তো সময় কই?কত কাজে সারাদিন মেতে আছি বল?ব্যস্ততা লেপে দেওয়া রাশি রাশি জঞ্জালে ডুবে আছি।
আটকে রয়েছি,স্থির,আকাশ উপচে পড়া শূণ্যের মাঝখানটিতে...
...অবসর?
অভাব'টা সেখানেই আসলে,জানিস।


যদি বা পেরিয়ে যাই প্রথম লাইনক'টা,আদবকায়দা মেনে সম্বোধনের পাট..."কেমন আছিস? ভালো...?",জীর্ণ প্রশ্ন কিছু, সদুত্তরহীন...কলম নুইয়ে যাবে তারপরে এসে।...কি নিয়ে এগোবে কথা?
তোর প্যাস্টেলটা'র বান্ধবী কবিতা'টি বাড়ি বদলেছে।আমার দু'হাত জুড়ে 'সংসার' লেখা;চিঠির বয়ান তাই শোনাবে জটিল,সাম্প্রদায়িক কোনো দাঙ্গার মত...
কি ভাবে এগোবে কথা?
...বিষয়?
অভাব'টা সেখানেই আসলে,জানিস।



যদি কোনোক্রমে,কোনো চিঠি,শেষটেশ হয়'ও কখনো,'ইতি, তোর'ই' লিখে হাতড়াবো শেষ শব্দ'টা...আদরের ডাকনাম থমকে ছড়িয়ে যাবে, ঝুটো মুক্তোর মালা...নকল,নিটোল...
আস্তানা উতখাত হয়ে যাবে বুদবুদ জলছবিদের...
'ইতি,তোর' কে?
পরিচয়...
অভাব'টা সেখানেই আসলে জানিস...

No comments:

Post a Comment